
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের অন্যতম উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী মুরুব্বী, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক তুখোড় কেন্দ্রীয় ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ আমেরিকা প্রবাসী মরহুম মাওলানা আব্দুল কাদের খান-এর স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বাদ এশা ইসলামী ঐক্য আন্দোলনের ৮৫/১-এ (৪র্থ তলা), পুরানা পল্টন লাইন, ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারিদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক।
বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক এই তুখোড় কেন্দ্রীয় ছাত্রনেতা আজীবন দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মাওলানা আব্দুল কাদির খানের ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলন একজন বিশ্বস্ত বন্ধু ও অভিভাবককে হারালো। তিনি মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা অতুলনীয়।
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ। মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
