
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন।
বিজিবি সূত্র জানায়, বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ বাগভান্ডার বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৭ বস্তা সার জব্দ করা হয়।
আটককৃত সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ফুলকুমার ডাকঘরের মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
এ বিষয়ে বাগভান্ডার বিওপি ক্যাম্পের সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সারের কোনো বৈধ চালান বা কাগজপত্র না থাকায় তা আটক করা হয়েছে। আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
