
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সুগম করতে সড়ক ও সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায় এ যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে স্কেভেটর (স্কেভেশন ভেকু) ব্যবহার করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও পাশ্ববর্তী এলাকায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুকুন্দগাঁতী বাজারে অবৈধ দখলদারদের কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছিল। জনভোগান্তি লাঘবে এ অভিযান চালানো হয়েছে এবং জনস্বার্থে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
