বৃহস্পতিবার, এপ্রিল ২৩

বেলকুচির যমুনায় নৌকাডুবি: নিখোঁজ আলী আলমের সন্ধানে স্বজনের আকুতি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি সংলগ্ন যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দিনমজুর মোঃ আলী আলমের (২৮) সন্ধান মেলেনি গত দুই দিনেও। গত মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ক্ষিদ্রচাপড়ী নৌকা ঘাট থেকে সদিয়া চাঁদপুরের পূর্ব অঞ্চলের যমুনা নদীর চরে কাজ করার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ নদীতে এই দুর্ঘটনা ঘটে। যমুনা নদীর বেলকুচি ও সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ ব্যক্তির সন্ধানে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় যুবক ও জেলেরা।

পারিবারিক সূত্রে জানা যায়, বওড়া উত্তরপাড়া গ্রামের মোঃ সোমসের মোল্লার ছেলে আলী আলম পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ২১ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ নদীতে হঠাৎ নৌকাটি ডুবে গেলে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আলী আলম নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। ঘটনার পর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে আজ সকালে দুর্ঘটনাকবলিত নৌকাটির সন্ধান পাওয়ার পর সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজ আলী আলমের সন্ধানে ক্ষিদ্রচাপড়ী গ্রামের যুবকেরা বর্তমানে সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলের যমুনা নদীর ভাটি এলাকায় অবস্থান করছেন। স্বজনদের পক্ষ থেকে যমুনা নদীর তীরবর্তী বেলকুচি ও সিরাজগঞ্জ অঞ্চলের জেলে, কৃষকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ আলী আলমের সন্ধান পেয়ে থাকেন, তবে ০১৭৩৫৬৩৯৩১৮ অথবা ০১৭৭৫০৪০৭৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ এই দিনমজুরকে ফিরে পেতে তার পরিবারে এখন শোকের মাতম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *