Sunday, October 18

বেলকুচিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বেলকুচি ও চৌহালী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র উপহার প্রদান করা হয়েছে। একই সাথে ‘আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম (এমপি)।

রবিবার (১৮ অক্টোবর) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম (এমপি) বলেন, “বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার প্রিয় জন্মভূমি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূল লক্ষ্যই হলো—ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতির এক অনন্য প্রতীক। উৎসবের এই আনন্দ যেন বেলকুচি ও চৌহালীর সনাতনী প্রতিটি পরিবারের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। অন্যায় ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠানে আলিম ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার জনাবা শাহনাজ প্রধান সভাপতির বক্তব্যে বলেন, “মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আলিম ফাউন্ডেশন সর্বদা সাধারণ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।”

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ ও অমৃত নারায়ণ দে।

এছাড়াও বেলকুচি ও চৌহালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *