
|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণানির্ভর শিক্ষায় বিশেষ একাডেমিক সাফল্যের স্বাক্ষর রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বানারীপাড়ার সন্তান নিহাল ইসলাম খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বানারীপাড়া পৌরসভার খন্দকার নজরুল ইসলামের পুত্র।
গত সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি নিহালের হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, “উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের একমাত্র বিভাগ এটি, যা দেশের অন্য কোথাও দেওয়া হয় না।” এই বিশেষায়িত বিভাগ থেকে নিহাল ইসলাম খন্দকারসহ মোট তিনজন শিক্ষার্থী এ বছর এ সম্মাননা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তির ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তাই তরুণদের কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ মন্তব্য করেন, “ডিন’স মেরিট অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশে ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে থাকা ২৫টি বিভাগের মোট ১০৯ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অনুষদসমূহের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
