
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে গুরুত্বপূর্ণ নির্মাণকাজ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের (এবিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত বার্জার হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্তানুযায়ী, প্রকল্প এলাকায় বাল্ক র ম্যাটেরিয়াল ওয়্যারহাউসের সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল সংক্রান্ত নির্মাণকাজ সম্পন্ন করবে এবিসি।
বার্জার পেইন্টসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন হাবিব চৌধুরী। অন্যদিকে এবিসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নাশিদ ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিসির জ্যেষ্ঠ পরিচালক রাশেদ চৌধুরী এবং বার্জারের প্রধান সাপ্লাই চেইন অফিসার রাকিবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা।
