
|| অনলাইন ডেস্ক ||
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার এবং বর্তমান সরকারের মেয়াদে সহায়তা অব্যাহত রাখার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সভার সাইডলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফের উচ্চপর্যায়ের দুটি পৃথক বৈঠকে এ তথ্য জানানো হয়।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এবং সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক দুটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান সরকারের শাসনব্যবস্থা ও জনকল্যাণমুখী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংকিং খাত ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধিকাংশ বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। আইএমএফ প্রতিনিধিদল ও বাংলাদেশ সরকারের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নিয়মিত সংলাপের মাধ্যমে তা দ্রুত সমাধানের আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, ঋণের পরবর্তী কিস্তি স্থগিত হওয়া সংক্রান্ত কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরটিকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। আইএমএফ স্পষ্ট করেছে যে, বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে তাদের কার্যক্রম ও সহযোগিতা আগের মতোই সচল থাকবে।
