Sunday, August 23

বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের বেহাল দশায় অসন্তোষ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা দেখে ক্ষোভ জানালে কর্তৃপক্ষ তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য দুঃখ প্রকাশ করে।

২৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি প্রথমেই হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান।

পরবর্তীতে তিনি জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সরেজমিনে পরীক্ষা করে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সাথে কথা বলে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পাওয়ার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রীকে হাসপাতালের জনবল সংকটের বিষয়টি অবহিত করা হয়। কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩ জন। এই অতিরিক্ত চিকিৎসক সংকটের কারণে সীমিত জনবল নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান এবং এই কার্যক্রম শুরু হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দেন।

পরিদর্শনকালে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *