
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিশাল জনসভা করেছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি (এনসিপি)। সোমবার (১৩ জুলাই) উপজেলার ডাকবাংলো মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এই জনসভার আয়োজন করে দলটি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন এমপি, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ডক্টর আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষার, ইমরান ইমন ও মুনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে আগামী দিনে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কারে গণভোটের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। একই সাথে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে উপজেলার সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসাদ (নওশের) বলেন, “আমি আপনাদেরই সন্তান। কেন্দ্রীয় এনসিপি আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আশা করি, আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।”
নওগাঁ জেলা এনসিপি নেত্রী মুনিরা শারমিন তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে জুলাই আন্দোলনে আমাদের প্রায় ১৪০০ থেকে ১৬০০ ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু এত প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা আজ কী পেয়েছি? সেই ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি আমরা আবারও উপলব্ধি করছি।”
কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী সরকারের সমালোচনা করে বলেন, “আজ নির্বাচনের ছয় মাস অতিবাহিত হলেও প্রতিশ্রুত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বর্তমান নির্বাচিত সরকার আমাদের কথা দিয়েছিল ক্ষমতায় এলে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কিন্তু তা দৃশ্যমান হয়নি।” তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে হাজারো ছাত্র-জনতার রক্তদানের পর আমরা এমন পরিস্থিতি আশা করিনি। প্রয়োজনে আবারও দেশের মানুষ রক্ত দেবে, কিন্তু বাংলায় আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না।”
জনসভাকে কেন্দ্র করে ডাকবাংলো মোড় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশটি সফল করতে স্থানীয় এনসিপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
