Monday, August 3

ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা

|| বিনোদন ডেস্ক ||

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। প্যারিসের উপকণ্ঠ সার্সেলের মাঠে শাহ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে দিনব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার মেলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। দুপুর থেকেই ফ্রান্সের বিভিন্ন প্রান্ত এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা হাজারো প্রবাসী মেলা প্রাঙ্গণে ভিড় জমান। মেলার স্টলে স্থান পায় ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও বিভিন্ন সামগ্রী। আয়োজন করা হয় নারী ও শিশুদের জন্য প্রতিযোগিতারও; যার র‌্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিএমডব্লিউ গাড়ি জেতেন রেজওয়ানা চৌধুরী মিম।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে মঞ্চ মাতিয়ে তোলেন দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। তিনি তাঁর জনপ্রিয় ‘কবিতা’, ‘ও বিজলি’, ‘মা’, ‘বাবা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘ভিগি ভিগি’সহ বেশ কয়েকটি গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতান। এছাড়াও পারফর্ম করেন লোকজ ফিউশন ব্যান্ড ‘জলের গান’-এর ভোকালিস্ট রাহুল আনন্দ, নেদারল্যান্ডস থেকে আগত শিল্পী বিন্তি এবং স্থানীয় শিল্পীরা।

অফিওরার পরিচালক কৌশিক রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ গ্রুপের স্বত্বাধিকারী সাত্তার আলী সুমন, স্থানীয় ফরাসি সংসদ সদস্য কার্লোস মার্টেন্স বিলোঙ্গো ও সার্সেলের ডেপুটি মেয়র নাবিল চাবানে।

আয়োজকরা জানান, প্রবাসে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই নিয়মিতভাবে এই ফেস্টের আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *