Tuesday, July 21

ফাইনালের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’ ৩ বছরের কেইন ইয়ামাল

|| স্পোর্টস ডেস্ক ||

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক উৎসবে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছেন লামিন ইয়ামাল নন, বরং তাঁর তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল। ফাইনাল ম্যাচ শেষে মাঠজুড়ে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উদযাপনে মেতে ছিলেন, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরার লেন্স ঘুরে যায় ছোট্ট কেইনের দিকে।

পুরো টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে বসা কেইনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ফাইনাল খেলা শেষে সে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে ট্রফি উদযাপনে যোগ দেয়। মাঠে ফুটবল নিয়ে তার ছোটাছুটি এবং নানামুখী মজার মুহূর্ত উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

উদযাপনের এক পর্যায়ে মাঠে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তার সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠে ছোট্ট কেইন। ওই কর্মকর্তা স্নেহবশত নিজের টুপিটি খুলে কেইনের মাথায় পরিয়ে দিলে সেই মিষ্টি মুহূর্তটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অনেকেই এখন মজা করে বলছেন, বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক রাতে মাঠের পারফরম্যান্সে লামিন ইয়ামাল আলো ছড়ালেও জনপ্রিয়তার দিক থেকে তাকেও ছাপিয়ে গেছে তার ছোট ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কেউ কেউ তো ছোট্ট কেইন ইয়ামালকে রসিকতা করে ‘ফ্যান অব দ্য ম্যাচ’ বলেও আখ্যা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *