
|| নিজস্ব প্রতিবেদক ||
শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মুন্সিগঞ্জে শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে শিক্ষামূলক শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
এই পরিদর্শনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক অংশ নেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা এবং লেকচারার ফারজানুল ইসলাম হিমেলের নেতৃত্বে পুরো কার্যক্রমটি পরিচালিত হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শাহ সিমেন্টের আধুনিক ও বৃহৎ পরিসরের উৎপাদন ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষভাবে তারা বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম), সিমেন্ট উৎপাদনের কাঁচামাল, প্রক্রিয়াজাতকরণ এবং সেন্ট্রাল কন্ট্রোল রুম ঘুরে দেখে উৎপাদন প্রক্রিয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।
এছাড়া শিক্ষার্থীরা ল্যাবরেটরি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ঘুরে দেখে সিমেন্টের গুণগত মান পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ পদ্ধতি প্রত্যক্ষ করেন। তারা সিমেন্টের ব্যাগ উৎপাদন কারখানা এবং স্টোরেজ ও উপকরণ সংরক্ষণ ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন।
শিল্প পরিদর্শনের শেষ পর্যায়ে একটি সংক্ষিপ্ত সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা প্রকৌশল ও শিল্প ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করেন।
শিক্ষামূলক এই পরিদর্শন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও আতিথেয়তার জন্য শাহ সিমেন্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
