Thursday, August 13

প্রাণী চিকিৎসায় বিশেষ অবদানে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

পশু-প্রাণীর সুচিকিৎসায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার এবং সন্তান সাংবাদিক কাজী নুরুন্নবী (নাইস)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সদর উপজেলা পশু-প্রাণী চিকিৎসক মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহিনুর আলম, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলমসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের প্রাক্তন সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্ম নেওয়া কাজী মোফাজ্জল হোসেন ১৯৬৩ সালে পশু সম্পদ অধিদপ্তরে যোগদান করেন। কর্মজীবনে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭২ সালে ময়মনসিংহ থেকে লাইভস্টক ট্রেনিং কোর্সে প্রথম স্থান অর্জন, ১৯৮৮ সালে গাইবান্ধা হতে পশু সম্পদ উন্নয়নে শ্রেষ্ঠত্বের সনদ এবং ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জেলাভিত্তিক শ্রেষ্ঠ পশু চিকিৎসকের গৌরব অর্জন করেন।

২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি এলাকায় পোল্ট্রি খামার গড়ে তুলে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখেন। ২০১৯ সালের ৩১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই চিকিৎসক আজও তাঁর কর্ম ও সততার মধ্য দিয়ে সহকর্মী ও এলাকাবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *