
|| মোঃ শামীম | কুষ্টিয়া প্রতিনিধি ||
জাতীয় শিক্ষাবিদ, গবেষক, প্রখ্যাত আলেম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. ইয়াহইয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিক্ষাবিদ ২০২৫ সালের ৪ নভেম্বর ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলািহি রাজিউন)
১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামে বসতি স্থাপন করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবনে তিনি কামিল ট্রিপলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামিক স্টাডিজে একাধিক মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘এরাবিক এক্সপার্ট’ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাআওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন, প্রক্টর, হলের প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সিন্ডিকেট সদস্য ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে তিনি সরকার কর্তৃক “শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষক” হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ খতিব হিসেবে একাধিকবার স্বীকৃতি পান এবং রাজারবাগ পুলিশ লাইন হেড কোয়ার্টার সেন্ট্রাল মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে জুমআর খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর তত্ত্বাবধানে অসংখ্য শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।
