
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল। আজ বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো বিস্তারিত পর্যালোচনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
সাক্ষাতকালে দেশের অর্থনীতি ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি ও টেকসই প্রগতির স্বার্থে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছেন বিটিএমএ নেতৃবৃন্দ।
শিল্পায়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে টেক্সটাইল খাতের অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এই শিল্পের সার্বিক সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়াসহ আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।
