
|| নিজস্ব প্রতিবেদক ||
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনা করতে সমস্যা হচ্ছিল। তাই বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা যেন ব্যাহত না হয়, সেই ভাবনা থেকেই তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৬৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব লাভ করেন। উল্লেখ্য, তার বাবা সুবিমল দেওয়ানও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পেশাগত জীবনে দীপেন দেওয়ান একজন যুগ্ম জেলা জজ ছিলেন। ২০০৫ সালে বিচারকের চাকরি ছেড়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি এবং ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তার এই আকস্মিক পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
