Monday, September 7

নাগেশ্বরী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল মাদক উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় ওষুধ ‘ইস্কাফ’ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা এলাকার চিহ্নিত মাদক কারবারি মতিয়ার রহমান মতুর বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল রামখানা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার মতিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সটে পড়লেও তল্লাশি চালিয়ে ঘরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় নাগেশ্বরী থানার আওতায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নাগেশ্বরী থানা পুলিশ কঠোর অবস্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *