Saturday, August 29

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জাহিদুল গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে নাগেশ্বরী খাদ্যগুদামের সামনে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় জাহিদুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ আইনি অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *