Saturday, September 5

নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত

​|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাগেশ্বরী পুরাতন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।

উদ্বোধনী বক্তব্যে সাইফুর রহমান রানা সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এরপর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন র‍্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানে শোভাযাত্রাটি নাগেশ্বরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি শেষ হওয়ার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *