Monday, August 3

নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল: কাই হাভার্টজ

|| স্পোর্টস ডেস্ক ||

গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। এবার নতুন মৌসুমে সব প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে গানার্সরা। ক্লাবটির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ জানিয়েছেন, সামনে আরও বড় সাফল্য পেতে পুরোপুরি প্রস্তুত পুরো দল।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্সেনালের। ওই ম্যাচে হাভার্টজের গোলে আর্সেনাল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত উসমান দেম্বেলের সমতা ও টাইব্রেকার ভাগ্য পিএসজির পক্ষে যায়। এছাড়া লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার ও এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।

নতুন মৌসুমের উচ্চাশা প্রকাশ করে হাভার্টজ বলেন, “আমরা সবগুলো ট্রফিই জিততে চাই, এ কারণেই আমরা এই ক্লাবে আছি। গত মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, কিন্তু আমাদের সামনে আরও অনেক কিছু অর্জনের সুযোগ রয়ে গেছে।”

তবে কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করেন এই জার্মান ফরোয়ার্ড। তিনি বলেন, “অন্য দলগুলো নিজেদের শক্তিশালী করে তুলছে, তাই আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। আমরা জানি মৌসুম কতটা দীর্ঘ এবং সব প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রাখা কতটা কঠিন। তবে আমরা প্রস্তুত।”

নতুন মৌসুমে আর্সেনালের প্রথম বড় পরীক্ষা আগামী ১৬ আগস্ট, যেখানে কমিউনিটি শিল্ডে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। এরপর ২১ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মিকেল আরতেতার শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *