
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার অবনতি রোধ, দুর্নীতি দূরীকরণ, দ্রব্যমূল্য ও জ্বালানির বাজার নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনসহ নানামুখী সংকট দূরীকরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। একই সঙ্গে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত রাষ্ট্রীয় ভর্তুকি ও সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, “বর্তমানে দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। সর্বত্র সুদ, ঘুষ ও দুর্নীতির বিস্তার জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। এর ওপর তেল-গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি ও তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভ চরম সীমায় পৌঁছছে। তাই অবিলম্বে এসব জনবিরোধী সমস্যা দূরীকরণে সরকারকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন জায়গায় যে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আকস্মিক বৃষ্টি ও বন্যায় ফসলি জমি ডুবে যাওয়ায় দেশের কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। সরকারকে অবশ্যই অবিলম্বে এসব ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত রাষ্ট্রীয় ভর্তুকি ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে।” এছাড়া বৈশ্বিক সংকটময় পরিস্থিতিকে মাথায় রেখে দেশের চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারকে বাস্তবমুখী ও স্থায়ী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। তবে সবচেয়ে সঠিক কথা হচ্ছে ইসলামী অনুশাসন ব্যতিত সমাজ ও রাষ্ট্রে কখনোই শতভাগ সফলতা অর্জন করা বা সমস্যার সমাধান করা সম্ভব নয়। একমাত্র ইসলামী অনুশাসনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব।
সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিগত মাসের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোকপাত করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন ফরাজী, তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফএম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু ত্বহা মো. নুরুল্লাহ, অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এবং মাওলানা আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
