
|| আন্তর্জাতিক ডেস্ক ||
তুরস্কের মানিসা প্রদেশে একটি উচ্চবিদ্যালয়ের সামনে এক কিশোরের বন্দুক হামলায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তুরগুতলু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার মানিসা প্রদেশের তুরগুতলু এলাকায় বিদ্যালয় চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আততায়ী অপ্রাপ্তবয়স্ক কিশোরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, হামলায় আহত ১১ শিক্ষার্থীর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে তদন্তকারী দল ওই কিশোরের মা-বাবা ও দাদাকে আটক করেছে। অস্ত্রটি কীভাবে একজন অপ্রাপ্তবয়স্কের হাতে এল এবং এর পেছনে কোনো বুলিং বা পূর্বশত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, কালো পোশাক ও সবুজ জ্যাকেট পরা ওই যুবক লম্বা ব্যারেলের একটি শটগান হাতে গলি দিয়ে হেঁটে যেতে যেতে অতর্কিত গুলি চালাতে থাকে। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে কাবু করে নিয়ে যায়।
উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং তদন্তের স্বার্থে দেশটির শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্কুলে দিনের সকল ক্লাস স্থগিত ঘোষণা করেছে।
সূত্র: এনডিটিভি
