
|| আলোকিত দৈনিক ||
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না উল্লেখ করে আন্দোলনরত ছাত্রীদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মানসুরা আলম বলেন, জুলাই বিপ্লবের সময় হলের তালা ভেঙে মেয়েদের বেরিয়ে আসাকে সারাদেশের মানুষ সমর্থন করেছিল, কারণ সেটি ছিল দীর্ঘদিনের নিষ্পেষণের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত গণজোয়ার। কিন্তু এরপর থেকে বারবার তালা ভেঙে বের হওয়ার ঘটনাগুলো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হয়েছে।
ছাত্রদল থেকে মনোনীত এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন, বর্তমানে তালা ভাঙার বিষয়টিকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনের নামে ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এই মেয়েরা খুব শীঘ্রই বুঝতে পারবে যে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল; যেমনটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই উপলব্ধি করছেন। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কেন সংকুচিত এবং কেন তারা উল্লেখযোগ্য সংখ্যায় মনোনয়ন পান না, তা বুঝতে এই ‘তালাভাঙা পার্টি’র মানসিকতা দেখা প্রয়োজন। নিজেরা কী চায় তা না জেনে অন্যের ক্ষমতায়ন আটকানোই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, মানসুরা আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সম্মুখসারিতে থেকে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি শামসুন নাহার হল সংসদের ভিপি পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রী এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে ছাত্রীদের বারবার তালা ভেঙে বেরিয়ে আসার প্রবণতা নারী রাজনীতির প্রকৃত লক্ষ্যকে ব্যাহত করছে বলে তিনি মনে করেন।
