
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা সফর উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোকলেছুর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে ঘিরে পুরো অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরকালে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
