শনিবার, জুলাই ৪

তাড়াইলে অনির্দিষ্ট লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তীব্র দাবদাহের মধ্যেই চলছে অনির্দিষ্টকালের লোডশেডিং। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের নাভিশ্বাস উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে দিনে ৮-১০ বার এবং গভীর রাতেও ৩-৪ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী এবং ঘরের বয়োবৃদ্ধ ও শিশুরা। তীব্র গরমে ফ্যান-লাইট বন্ধ থাকায় সাধারণ মানুষের রাতে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকায় হিটস্ট্রোক ও গরমে অসুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে।

দামিহা, জাওয়ার, ধলা ও তাড়াইল সদর ইউনিয়নের বাসিন্দারা জানান, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাড়াইল বাজারের ব্যবসায়ী করিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাসের শেষে বিলের কাগজ ঠিকই আসে, কিন্তু দিনে ১১ ঘণ্টাও বিদ্যুৎ পাই না। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না।” এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে দোকানপাটের ফ্রিজে থাকা মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশের দাবি জানিয়েছেন।

সার্বিক বিষয়ে জানতে তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *