Thursday, July 30

তরুণ কলাম লেখক ফোরামের ‘বার্ষিক লেখক সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শুয়াইব হোসেন, তারুণ্য সংগঠনের সভাপতি ইমন হোসেন, আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর এবং ক্যাপ সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া।

‎এ ছাড়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে লেখকদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিদায়ী সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

‎সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, তরুণ লেখকেরা জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু, সামাজিক অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত লেখালেখির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছেন। তাদের এই লেখনীচর্চাকে আরও সমৃদ্ধ ও উৎসাহিত করতেই ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

‎সংগঠনের সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, এই আয়োজন তরুণ লেখকদের মেধা, মনন ও লেখনী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটি জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল লেখক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা টানা ছয়বার বর্ষসেরা শাখার স্বীকৃতি অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *