Saturday, September 5

ঢাকায় BJPC-এর বিভাগীয় কমিটি ঘোষণা, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির নতুন কাঠামো ঘোষণা করা হয়। এতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহবায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুন লাল বেগিকে সমন্বয়ক করা হয়েছে। একইসাথে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত অধিকার এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়কে গুরুত্ব দিয়ে BJPC কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে Free Press Unlimited এবং Article 19-এর সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

খুলনা থেকে যাত্রা শুরু করা BJPC গত প্রায় দুই বছর ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ঢাকা বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে এবার রাজধানীতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সাংবাদিকদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনের সময় ভয়, চাপ কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হন, সে জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

নবগঠিত ঢাকা বিভাগীয় কমিটির নেতারা জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে তারা কাজ করবেন। ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *