Monday, August 31

ড্যাফোডিলে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সাভারের বিরুলিয়ায় ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সম্মানিত অতিথি ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএসি’র পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে বিএসি অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন এবং নথিপত্র সংরক্ষণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরিচালনার গুরুত্ব আলোকপাত করেন। উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির পরিবর্তনশীল অ্যাক্রেডিটেশন শর্তাবলির সাথে খাপ খাইয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং ‘প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটি’ (পিএসএসি)-এর সদস্যরা অংশ নেন। সমাপনী পর্বে বিএসি প্রতিনিধিবৃন্দ আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রযুক্তিগত নানা বিষয়ে অনুষদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *