সোমবার, এপ্রিল ২০

টাইগারদের টানা তিন সিরিজ, সরাসরি দেখা যাবে টফিতে

|| স্পোর্টস ডেস্ক ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে। কিউইদের পর টাইগাররা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। মাঠের এই হাই-ভোল্টেজ লড়াই আর প্রতিটি মুহূর্তের টানটান উত্তেজনা সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’।

এখন যেকোনো স্থান থেকে স্মার্টফোনেই উপভোগ করা যাবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচ।

গত শুক্রবার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে আগামী ২ মে পর্যন্ত। এরপর টাইগারদের মিশন পাকিস্তানের বিপক্ষে, যেখানে ৮ ও ১৬ মে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। সব মিলিয়ে দর্শকেরা টফিতে মোট ১৪টি ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ছয়টি ওয়ানডে, ছয়টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।

এ প্রসঙ্গে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে মিশে আছে। মানুষ যেন চলার পথে মোবাইল বা যেকোনো ডিভাইসে টাইগারদের একটি মুহূর্তও মিস না করেন, সেই লক্ষ্যেই টফি কাজ করছে। বিনোদনকে আরও সহজলভ্য করে তুলতে এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

লাইভ স্পোর্টস, বৈচিত্র্যময় কনটেন্ট এবং জনপ্রিয় সিনেমা ও সিরিজের মাধ্যমে ডিজিটাল বিনোদনের জগতে এরই মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে টফি। সরাসরি খেলা দেখার পাশাপাশি এই প্ল্যাটফর্মটিতে অসংখ্য টিভি চ্যানেল ও অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *