রবিবার, জুন ১৪

জুলাই থেকে শিক্ষকদের অবসর সুবিধা দেওয়া শুরু হবে: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

আগামী জুলাই মাস থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষক বর্তমানে অবসর সুবিধার টাকা পাননি। এই বকেয়া পূরণের লক্ষ্যে থোক বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী জুলাই মাসে ন্যূনতম এক লাখ টাকা করে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে শিক্ষকদের সব পাওনা পরিশোধ করা হবে।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষকদের উৎসব ভাতার বিষয়ে ড. মিলন বলেন, শিক্ষকদের বর্তমান উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে, যা শতভাগ করার জন্য আমাদের পরিকল্পনা ও প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশের একটি চাহিদা দেওয়া হয়েছে এবং আগামী দিনে এটি শুরু হবে। বাজেট ঘোষণার পর ক্রমান্বয়ে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকট ও আইনি জটিলতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে হেডমাস্টারদের বড় অভাব রয়েছে। ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকায় আমরা মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য কাজ শুরু করেছি। মূলত আইনি জটিলতার কারণেই অনেক ক্ষেত্রে আমরা নিয়োগ দিতে পারছি না।

তিনি আরও জানান, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সর্বমোট ৮৩ হাজার ৫০০টি মামলা রয়েছে। এই বিশাল আইনি জটিলতা কাটিয়ে উঠতে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করতে মন্ত্রণালয় ইতোমধ্যে সরকারের অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *