
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে চিলমারী উপজেলা চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাঙালি ঐতিহ্য অনুযায়ী পান্তা-ইলিশ ও রকমারি ভর্তা দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু এবং মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী চায়নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের জনগণ উৎসবে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির শেষ অংশে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। পুরোনো সব ব্যর্থতা ভুলে নতুন আশায় সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে চিলমারীতে এই নববর্ষ উদযাপিত হয়।
