
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে পাচারের সময় ১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালেক মোড় এলাকা থেকে এই সার জব্দ করা হয়। তবে অভিযানের আগেই ক্রেতা ও অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজার থেকে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশাযোগে ১৬ বস্তা সার পাচার করা হচ্ছিল। পথে মালেক মোড় এলাকায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুল হায়দার লিপ্টন সন্দেহভাজন অটোরিকশাটি আটক করেন। এ সময় কোনো বৈধ মেমো দেখাতে না পেরে চালক ও ক্রেতা গা ঢাকা দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার পরামর্শে সারগুলো সাময়িকভাবে জিম্মায় রাখা হয়।
পরদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয় সারের ডিলারদের উপস্থিতিতে আটক সারগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ১৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয় এবং ১ বস্তা সার আলামত হিসেবে কৃষি অফিসে রাখা হয়। সারের বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সার পাচারের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ডিলার এই অনিয়মে জড়িত কি না, তা তদন্তের জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। চিলমারী মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
