
|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বুক চিরে বয়ে যাওয়া বিশাল চলনবিলে বর্ষা ও শরতের পানিতে লাল, গোলাপি ও সাদা পদ্ম-শাপলার মনমুগ্ধকর সৌন্দর্য ফুটে উঠেছে। বিস্তীর্ণ জলরাশির বুকে ছড়িয়ে থাকা ফুলগুলোর এই নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন দূর-দূরান্তের অসংখ্য প্রকৃতিপ্রেমী।
শরতের নীল আকাশের নিচে রূপালী জলের ওপর রোদ-ছায়ার খেলা আর ফোটা পদ্ম-শাপলার মিশ্রণ যেন প্রকৃতির হাতে আঁকা এক অপরূপ ক্যানভাস। বিলের এই রূপ উপভোগ করতে ছুটির দিনে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে চলনবিল এলাকা। প্রিয়জনদের নিয়ে নৌকা ভ্রমণে মেতে ওঠেন দর্শনার্থীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, শতাব্দী ধরে সৌন্দর্য ছড়ানো চলনবিল এখন সামাজিক ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নতুন করে প্রসার পাওয়ায় পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। দর্শনার্থীদের সমাগমে বিলে নৌকা চালিয়ে স্থানীয় মাঝি ও নৌকা মালিকেরা লাভবান হচ্ছেন এবং তাঁদের বাড়তি আয়ের সংস্থান হচ্ছে।
তবে দর্শনার্থীদের অসচেতন আচরণ নিয়ে স্থানীয় অনেকের মনে ক্ষোভ রয়েছে। ছবি তোলা বা ভ্রমণের নামে অনেকেই অবাধে পদ্ম ও শাপলা ছিঁড়ে ফেলছেন। এতে বিলের প্রকৃত সৌন্দর্যহানির পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও ফুলগুলোর স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৌন্দর্য বজায় রাখতে সচেতনভাবে ভ্রমণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
