Thursday, July 30

চট্টগ্রামে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

চট্টগ্রামে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং এক জ্ঞানগর্ভ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে “সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা: খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ” শীর্ষক এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সবুর খান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ঢাকার আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার জনাব হাসানুজ্জামান মাসুদ এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সুমন মোড়ল।

গোলটেবিল বৈঠকে সুফিতত্ত্ব, সমসাময়িক সমাজ ও মানুষের মনস্তাত্ত্বিক বিকাশে খাজা ওসমান ফারুকীর দীর্ঘ এক যুগের চিন্তা ও দর্শন নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসহাক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

এছাড়াও আলোচনায় অংশ নেন ডেইলি ক্যাপিটাল ভিউজ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবুল বরকত আকাশ, চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, ফায়জুল বারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান, ড. শিব প্রসাদ শূর, গাজীপুর জজকোর্টের অ্যাডভোকেট আলী আব্বাস ও চট্টগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন।

বক্তারা বলেন, বর্তমান অস্থির সময়ে মানুষের আত্মশুদ্ধি ও সমাজ গঠনে সুফি দর্শনের প্রাসঙ্গিকতা অপরিসীম। খাজা ওসমান ফারুকীর ‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি সমকাল ও সমাজচিন্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশাইখ, সাংবাদিক, সাহিত্যিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সফল আয়োজন শেষে সুফি সেন্টার চট্টগ্রামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *