
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এর আগে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক রাজিব হোসেন নিশ্চিত করেছেন, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পরিবহনচালক। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
