
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বিভিন্ন কারণে জেলার শিল্পাঞ্চলের আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শ্রমিকদের বন্ধের বিষয়টি জানিয়ে দেন এবং কারখানার প্রধান ফটকেও নোটিশ টানিয়ে দেওয়া হয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানা এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প ও থানা পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা মাঠে কাজ করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গতকাল পর্যন্ত গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকায় জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
