শনিবার, জুলাই ১১

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করতে হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকার ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ গাছের চারা রোপণ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, পলিথিন ব্যবহার পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমিয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে দেশের খালি জায়গাগুলোতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষায় প্রায় দুই কোটি কেওড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ একদিকে অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন।

এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মাসব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মোট ৬২টি স্টল অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *