
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩ আগস্ট) গভীর রাতে ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালায় কাশিপুর বিওপির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩২ পিস ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কৃষ্ণনন্দন বকসী সীমান্ত এলাকা থেকে ২১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে অনন্তপুর বিওপির আওতাধীন নাগেশ্বরী উপজেলার নাগরাজ এলাকা থেকে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করে বিজিবি।
১৫ বিজিবি সূত্রে জানানো হয়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
