
|| বিনোদন ডেস্ক ||
আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত রবিবার দুপুরে সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ৫ মে ‘রকস্টার’-এর টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। টিজারে শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর একেবারে ভিন্নধর্মী ও স্টাইলিশ লুকে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বয়ে একটি শক্তিশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যেই তারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন।
নির্মাতা আজমান রুশো বলেন, সিনেমাটি একজন শিল্পীর সংগ্রাম, সাফল্য ও ব্যক্তিগত জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত। নিজের সংগীত জীবনের অভিজ্ঞতার ছোঁয়াও এতে রয়েছে বলে জানান তিনি।
সিনেমাটির গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তির পর চরকিতে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট তারিখটি পরবর্তীতে জানানো হবে।
