
|| নিজস্ব প্রতিবেদক ||
যুক্তি, বিশ্লেষণী চিন্তা, জ্ঞানচর্চা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) দিনব্যাপী ‘রিসডা প্রেজেন্টস এমআইইউডিসি ইনভাইটেশনালস: চ্যাপ্টার ওয়ান’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এমআইইউডিসি)-এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল চ্যাম্পিয়ন এবং সরকারি বাঙলা কলেজের বিতার্কিক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের প্রফেসর এবং এমআইইউডিসির উপদেষ্টা ড. রমিত আজাদ।
এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞানবিনিময় ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে বলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধান অতিথি মো. মাহবুব আলম।
দিনব্যাপী প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর সেমিফাইনাল এবং বিকেলে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইইউডিসির সাবেক সদস্য, এমআইইউ কালচারাল ক্লাবের সাবেক সভাপতি এবং ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের। এছাড়া উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক ও এমআইইউডিসির সহকারী মডারেটর সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিতর্ক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে এমআইইউডিসির সভাপতি মাহফুজুর রহমান খানকে আহ্বায়ক করা হয়। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম, ছাত্রী শাখার সভাপতি আয়েশা আরিফিন এবং ছাত্রী শাখার সাধারণ সম্পাদক শাহিনা খাতুন।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এমআইইউডিসির সাবেক সহসভাপতি এনাম হক। সহ বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম, দৃষ্টি বাংলাদেশের সাবেক অর্থবিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি শুভ্র হাসান, এমআইইউডিসির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা খোন্দকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ, ডিবেট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমান, এমআইইউডিসির সাবেক সভাপতি হাসিব আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাগর পাটোয়ারী এবং এনডিএফ বাংলাদেশের মেডিকেল কলেজ ইউনিটের পরিচালক সিদরাতুল মুনতাহাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক সংগঠনের সাবেক ও অভিজ্ঞ বিতার্কিকরা।
আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল রিসডা বাংলাদেশ। কো-স্পন্সর হিসেবে ছিল আর্মিস ডেভেলপমেন্ট ও কিউ.লিপ আইআইআর। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল এনডিএ বাংলাদেশ। ক্রিয়েটিভ অ্যান্ড লিটারারি পার্টনার হিসেবে ছিল হিন্দোল। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এমআইইউ ক্যাম্পাস টিভি ও দ্যা ক্যাম্পাস মিরর। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানভিত্তিক মাসিক ম্যাগাজিন ‘ব্যাপন’।
এছাড়া আয়োজনের সহযোগী হিসেবে পাশে ছিলেন এমআইইউ বিজনেস ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট রাইহান রাসেল এবং এমআইইউ কালচারাল ক্লাবের সাবেক সভাপতি আলামিন খান।
