
|| নিজস্ব প্রতিবেদক ||
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যদের অংশগ্রহণে জ্বালানিবিষয়ক সেমিনার ও সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ের সেমিনার কক্ষে কমিশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন তথ্য-উপাত্ত ও কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়। সেমিনারে বিইআরসি চেয়ারম্যান জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতরণ ও সরবরাহকারী কোম্পানিগুলোর গত তিন বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পুনঃপরীক্ষার জন্য একটি স্বতন্ত্র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, আয়-ব্যয়ের ধরন এবং প্রকল্পে বিনিয়োগের যৌক্তিকতা যাচাই করা হবে।
এ ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নের আগে বিইআরসির অনুমোদন নেওয়ার বিধান কার্যকর করার উদ্যোগের কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, প্রকল্পের ব্যয় যেন পরবর্তী সময়ে ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে। এনার্জি অডিটের মাধ্যমে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং আগামী এপ্রিল থেকে লাইসেন্সিং কার্যক্রম পুরোপুরি অনলাইনে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কর্মসূচির দ্বিতীয় পর্বে সংবাদ সংগ্রহ, গবেষণা, নথি পর্যালোচনা, তথ্য যাচাই এবং সংবাদ উপস্থাপনার বিভিন্ন ধাপে এআইয়ের ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রডকাস্ট গ্রাফিক্স ও এআই বিশেষজ্ঞ এবং রুদ্র এফএক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এস কে মনোয়ার নাহিদ। প্রশিক্ষণে এআই ব্যবহারের মাধ্যমে কাজের গতি বাড়ানোর পাশাপাশি তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা যাচাই এবং সম্পাদকীয় দায়িত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার, কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার, এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ এবং একাত্তর টেলিভিশনের হেড অব বিজনেস ইকবাল আহসান।
