
|| নিজস্ব প্রতিবেদক ||
বর্তমান সরকার দেশের জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমআ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বশীরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, ভঙ্গুর অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন আজ চরম দুঃখ, দুর্দশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই সরকারও অতীতের সরকারগুলোর মতো জননিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, “একমাত্র ইসলামী সরকারই জনগণের সব মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সঠিক পদ্ধতিতে বিপ্লবের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই কেবল বিদ্যমান সব জনদুর্ভোগ ও অশান্তির স্থায়ী অবসান ঘটবে।”
ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকনের সঞ্চালনায় বৈঠকে শুরুতে দারসুল কুরআন পেশ করেন ঢাকা উত্তরের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান আসলামী। পরবর্তীতে ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা সভার সমাপনী বক্তব্য দেন।
যৌথ এই সাংগঠনিক বৈঠকে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কর্মপরিষদের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভায় গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের দিকনির্দেশনামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে চট্টগ্রাম জেলা শাখার আমীর মাওলানা একেএম মিজানুর রহমান অসুস্থ থাকায় তাঁর সুস্থতা কামনা এবং ঢাকা মহানগরী দক্ষিণের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেনের ভাই সেলিম হোসেন ইন্তেকাল করায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা। ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ এই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
