রবিবার, জুলাই ৫

ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য বাস্তবায়নে তালাবাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ছাত্রদের প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৩ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, “বর্তমান ও আগামী প্রজন্মের নৈতিক ও আদর্শিক গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে এর সার্বিক উন্নয়ন সাধন এবং ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য বাস্তবায়নে তালাবায়ে আরাবিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুগের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “নব্য নেতৃত্ব ও কর্মীদের জ্ঞান, প্রজ্ঞা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ‘ওয়ারাসাতুল আম্বিয়া’ বা নবীদের উত্তরসূরি হিসেবে নিজেদের পবিত্র দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবেই সমাজ ও রাষ্ট্রে একটি ইতিবাচক ও আদর্শিক পরিবর্তন আনা সম্ভব।”

এদিকে, সংগঠনের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মো. কাইয়ুম হোসেন এবং প্রধান সম্পাদক হাফেজ মো. ইমরানুল হক ছাত্রত্ব শেষ করে কর্মজীবনে প্রবেশ করায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ফলশ্রুতিতে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মাহমুদুল হাসানকে নতুন কেন্দ্রীয় সভাপতি এবং মোস্তফা আব্দুল্লাহ আল আরিফকে প্রধান সম্পাদক মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মো. নাঈমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দারস পেশ করেন তালাবার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।

গুরুত্বপূর্ণ এই শূরার বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তালাবার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আবু ত্বহা মুহাম্মদ নুরুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম শামীমসহ দেশের বিভিন্ন জেলা শাখা থেকে আগত কেন্দ্রীয় মজলিসে শূরার সম্মানিত সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *