
|| নিজস্ব প্রতিবেদক ||
৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও ফাতেহা পাঠ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরতে ও প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি সম্মান জানাতে এ কর্মসূচি পালন করা হয়।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের নেতৃত্বে অ্যালামনাই সদস্য এবং বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা পরস্পরের সঙ্গে কুশল ও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
