Sunday, August 16

ইবিতে সিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বর্ণাঢ্য আয়োজনে ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসি) ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী নানা উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির বর্তমান সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য মো. নাদির হোসেন ও আফরিন জাহানের যৌ মানব সঞ্চালনায় সকাল ১১টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এতে সিআরসি স্কুলের শিক্ষার্থী, বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিদায়ী সদস্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সিআরসি’র নতুন উপদেষ্টা আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল-কে বিশেষ সম্মাননা ও মানপত্র প্রদান করে বরণ করে নেওয়া হয়। এ সময় অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওলি উল্লাহ এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সম্মাননা পর্বে বিদায়ী সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি সেরা ভলেন্টিয়ার ও সেরা শিক্ষক অ্যাওয়ার্ড দেওয়া হয়। একই সঙ্গে সংগঠন পরিচালনায় বিশেষ অবদানের জন্য সভাপতি মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং স্কুল পরিচালক মো. আজিজুর রহমানকে “Team Combination Excellency Award” প্রদান করা হয়। এছাড়া সংগঠনের বিগত এক বছরের কার্যক্রমের ওপর একটি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দুপুরের বিরতিতে উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সিআরসি স্কুলের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে একই আসনে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অনুষ্ঠানে সিআরসি’র সাবেক সভাপতি শহীদ কাউসার, এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বুনন, সিওয়াইবি, তারুণ্য, ক্যাপ এবং ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যে মো. নাজমুল হাসান সিআরসি’র সকল সদস্য ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের মানবিক যাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সিআরসি স্কুলের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *