
|| গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের ময়লা ব্যবস্থাপনা-সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে কাজী মামুন দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
তাকে আওয়ামী লীগের কর্মী বা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে উল্লেখ করে কাজী মামুন বলেন, “এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এলাকার পরিচিতজনদের সঙ্গে ছবি থাকতে পারে, কিন্তু শুধু ছবির কারণে কাউকে রাজনৈতিক কর্মী হিসেবে চিহ্নিত করা অনুচিত।” তিনি জানান, অতীতে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজনৈতিক পরিচয় বিকৃত করে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা চলছে।
টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, গাজীপুর সিটি করপোরেশনের নির্ধারিত সব নিয়ম, শর্ত ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তিনি বৈধভাবে এই টেন্ডার পেয়েছেন। কিন্তু একটি প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার টেন্ডার কার্যক্রমে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমকে ব্যাহত করতে পারে।
ব্যবসায়ী হিসেবে আইন মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কাজী মামুন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন এই অপপ্রচার ও বাধা সৃষ্টির বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঠিকাদার কাজী মামুনের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
