মঙ্গলবার, এপ্রিল ২১

১৮ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

উৎসবমুখর পরিবেশে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষার প্রথম দিনে সাধারণ ৯টি বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রবেশপথে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই ও কঠোর তল্লাশির পর কেন্দ্রে ঢোকানো হয়। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিকে, পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস রোধ এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *