
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে আস্ফালন করেন না, প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে তা করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়েই আসতে হবে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। তিনি লন্ডন বা অন্য কোনো দেশে থাকলে দিল্লি তাঁকে নিয়ে এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে পারত না।
আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আলোচনার বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ চায় খুনি হাসিনা ফিরে আসুক। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হলেও কেরানীগঞ্জের মহিলা কারাগারটি এখনো চালু করা হয়নি। আগামী ডিসেম্বরে হাসিনা দেশে ফিরলে তাঁকে সেখানে বন্দী রেখেই এই কারাগারটি উদ্বোধন করা হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
