
|| স্পোর্টস ডেস্ক ||
সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর এক মাসও বাকি নেই, এর মধ্যেই বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ নভেম্বর থেকে সাফের পর্দা উঠলেও ফিফা উইন্ডোর জটিলতার কারণে প্রথম ম্যাচে প্রবাসী ফুটবলারদের অধিকাংশকেই পাচ্ছে না বাফুফে।
ফিফা অফিসিয়াল উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। অন্যদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর ম্যাচ রয়েছে ৭ নভেম্বর পর্যন্ত। কিন্তু সাফে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফলে হামজা চৌধুরীসহ প্রবাসীদের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ভিন্ন কম্বিনেশন নিয়ে দল সাজাতে হবে কোচকে।
আজ মঙ্গলবার রাজধানীর ফর্টিস ডাউনটাউনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, সাফের উদ্বোধনী ম্যাচের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড পাওয়া সম্ভব হচ্ছে না। প্রায় ৯০ শতাংশ প্রবাসী ফুটবলারকে ৯ নভেম্বরের পর পাওয়া যাবে, তাই প্রথম ম্যাচের পর দলে পরিবর্তন আসতে পারে। সাফের প্রস্তুতি নিতে ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হবে এবং টুর্নামেন্টের আগে অন্তত একটি আনঅফিশিয়াল প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ঘরোয়া লিগের মাঠের নাজুক মান ও খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, বিষয়টিকে ফেডারেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এছাড়া আসিয়ান কাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় কোচ টমাস ডুলি তোপের মুখে পড়লেও এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানান বাফুফে প্রধান। তবে দলের ব্যর্থতার দায়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।
ভবিষ্যতে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের সুযোগ বাড়াতে একটি নতুন পরিকল্পনার কথাও জানান তাবিথ আউয়াল। তিনি জানান, ইংল্যান্ডে ১৪ থেকে ১৭ বছর বয়সী প্রবাসী তরুণদের জন্য বছরে দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে বাফুফের। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও নতুন প্রতিভা সন্ধানে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
